অনলাইন ডেস্ক:
কুমিল্লা কারাগারে হত্যা মামলার এক আসামি সন্তান প্রসব করেছেন। সোমবার ওই হাজতি সন্তান প্রসব করেন। বর্তমানে দুজনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে কারাবন্দি ওয়ার্ডে ভর্তি আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। ওই হাজতির নাম স্মৃতি আক্তার। তিনি কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের হোসেন মিয়ার স্ত্রী।
গত ১১ আগস্ট তিনি একটি হত্যা মামলার আসামি হয়ে কুমিল্লা কারাগারে আসেন। কুমিল্লা কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, ওই নারীর প্রসবব্যথা উঠলে আমরা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। পরে চিকিৎসক জানান তার সিজারিয়ান অপারেশন করতে হবে। আমরা তার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাৎক্ষণিক অনুমতি দিই। দুপুরে তিনি কন্যাসন্তান প্রসব করেন। আমরা তার চিকিৎসাসেবা, খাবারের ব্যবস্থা ও শিশুর জন্য পোশাকসহ যাবতীয় সকল ব্যবস্থা করেছি।











