চিংড়িতে জেলি মেশানোয় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক:

সাতক্ষীরার সদর উপজেলার সুলতানপুর মাছ বাজারে চিংড়িতে ক্ষতিকর জেলি মেশানোর অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান চালায়। অভিযানে মেসার্স একরামুল ফিস নামে একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ধারা অনুযায়ী ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায়ও করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এতে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য ইজতিয়াক আহমেদ জামিল সহায়তা করেন। অভিযানে সাতক্ষীরা পুলিশ লাইনসের একটি টিম অংশ নেয়। পাশাপাশি বাজারের ক্রেতা-বিক্রেতাদের মধ্যে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোক্তার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।