অনলাইন ডেস্ক:
মুম্বাইয়ের পালিহিল এলাকায় মাথা তুলে দাঁড়ানো বিলাসবহুল ছয়তলা বাংলো এখন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট দম্পতির নতুন স্বপ্নের ঠিকানা। প্রয়াত অভিনেতা রাজ কাপুরের কৃষ্ণরাজ প্রোপার্টির জায়গায় তৈরি এই প্রাসাদসম বাড়িটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি, যা সম্পূর্ণ হতে সময় লেগেছে প্রায় তিন বছর।
তবে ঘরের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে সরব হয়েছেন আলিয়া ভাট।

সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করে আলিয়া লিখেছেন—”আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং তা অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।”
তিনি আরও অনুরোধ করেন, ভিডিওটি যেন আর কেউ শেয়ার না করেন, এবং মিডিয়াকর্মীদের উদ্দেশে বলেন এটি সরিয়ে নিতে।
আলিয়ার এই প্রতিক্রিয়ার পর, সামাজিক মাধ্যমে অনেকে তাঁর পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন— “এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন,” আবার কেউ বলছেন— “সব দোষ পাপারাজ্জিদের নয়, হয়তো মিডিয়াকেই আগে থেকে খবর দেওয়া হয়েছিল।”
নতুন বাংলো, খুশির আবাস হওয়ার বদলে এখন হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু, যা ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা ও মতবিরোধ।











