নিজস্ব প্রতিবেদক:
সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক হাসান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করলে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন তাতে বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্য আসামিদের মধ্যে রয়েছেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), মো. আব্দুল্লাহ আল আমিন, মঞ্জুরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মো. মহিউল ইসলাম ওরফে বাবু, মো. জাকির হোসেন, মো. তৌছিফুল বারী খাঁন, মো. আমির হোসেন সুমন, মো. আল আমিন, মো. নাজমুল আহসান, সৈয়দ শাহেদ হাসান, মো. শফিকুল ইসলাম দেলোয়ার, দেওয়ান মোহম্মদ আলী এবং মো. আব্দুল্লাহীল কাইয়ুম।
এর আগে, ২৮ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ নামক একটি প্ল্যাটফর্ম আয়োজিত গোলটেবিল বৈঠক ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। এরপর ঘটনাস্থল থেকে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ হেফাজতে নেয়।
পরে শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আমিরুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্রবিরোধী উসকানি, জনমনে ভীতি সৃষ্টি ও সহিংসতার আশঙ্কার অভিযোগ আনা হয়।











