নিজস্ব প্রতিবেদক:
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ সদস্য ট্রেসি অ্যান জ্যাকবসন ঢাকায় মার্কিন দূতাবাসে নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে যোগ দিতে যাচ্ছেন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এর আগে, ট্রেসি অ্যান জ্যাকবসন তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং কসোভোতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় যুক্তরাষ্ট্র দূতাবাসে চার্জ দ্য অ্যাফেয়ার্স, অ্যাড ইন্টেরিম হিসেবে কাজ করেছেন।
বিদেশে উচ্চপদস্থ কূটনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি, তিনি প্রথমে স্কুল অব প্রফেশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজের ডিন এবং পরবর্তীতে ন্যাশনাল ফরেন অ্যাফেয়ার্স ট্রেনিং সেন্টারের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের উপ-নির্বাহী সেক্রেটারি এবং প্রশাসনিক জ্যেষ্ঠ পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। লাটভিয়ায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ডেপুটি অ্যাম্বাসেডর হিসেবেও নিয়োগপ্রাপ্ত ছিলেন।
ট্রেসি অ্যান জ্যাকবসন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে বিএ এবং একই বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে এমএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একাধিক সম্মাননা অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে সেক্রেটারির ডিস্টিংগুইশড সার্ভিস অ্যাওয়ার্ড, দুইটি প্রেসিডেন্সিয়াল র্যাংক অ্যাওয়ার্ড এবং ‘ইব্রাহিম রুগোভা’ শিরোনামের অর্ডার ফর পিস, ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যানিজম।











