অনলাইন ডেস্ক:
ভারতের মধ্যপ্রদেশে প্রেমিক সঞ্জয় পতিদার পাঁচ বছর ধরে লিভ-ইন সঙ্গিনী পিংকি প্রজাপতিকে বিয়ে নিয়ে বিরোধের জেরে হত্যা করে ফ্রিজে লাশ লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে। প্রায় এক বছর ধরে ফ্রিজে রাখা অর্ধগলিত লাশটি সম্প্রতি উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় পুলিশ জানিয়েছে, উজ্জয়নী শহরে এই লোমহর্ষক ঘটনা ঘটে। পিংকি প্রজাপতিকে ২০২৪ সালের জুন মাসে হত্যা করে সঞ্জয় ফ্রিজে লাশ লুকিয়ে রাখেন। প্রতিবেশীরা ফ্ল্যাট থেকে আসা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ফ্রিজ খুলে লাশ দেখতে পান। লাশটির গায়ে শাড়ি ও সোনার গহনা ছিল।
বাড়ির মালিক ধীরেন্দ্র শ্রীবাস্ত বলেন, ফ্ল্যাটটি ভাড়া নেওয়ার পর সঞ্জয় কালেভদ্রে সেখানে আসতেন। বহুদিন ধরে তিনি অনুপস্থিত থাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। এরপর ফ্রিজ থেকে দুর্গন্ধ বের হতে শুরু করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ঘন্টাখানেকের মধ্যে উজ্জয়নী থেকে সঞ্জয় পতিদারকে আটক করে। পুলিশ বলছে, সঞ্জয়ের বিরুদ্ধে প্রেমিকা পিংকিকে খুনের অভিযোগ রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটি আরও তদন্ত করছে।











