ভাঙ্গায় আন্দোলনের সুযোগে ফ্যাসিস্ট হামলা: ডিআইজি
নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুরের ভাঙ্গায় চলমান আন্দোলনের সুযোগে ফ্যাসিস্ট চক্র সহিংসতা চালিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, “তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। আমি দ্রুততম সময়ের মধ্যে চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছি।”
সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিআইজি। তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা গুরুত্বসহকারে কাজ করছি। সড়কে নিয়োজিত পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।”
সোমবারের সহিংসতায় পুলিশের ৪–৫ জন সদস্য আহত হয়েছেন বলেও জানান তিনি।
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আন্দোলনের পেছনে জনগণের আবেগ-অনুভূতির বিষয়টি নির্বাচন কমিশনের কাছে পাঠানো রিপোর্টে উল্লেখ করা হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্যা বলেন, “আমরা জনগণের বক্তব্য তুলে ধরে নির্বাচন কমিশনে একটি প্রতিবেদন পাঠিয়েছি। যেহেতু দুটি ইউনিয়ন কাটা নিয়ে হাইকোর্টে একটি রিট রয়েছে, তার শুনানি ২১ সেপ্টেম্বর। সেই শুনানির ফলাফলের জন্য অপেক্ষা করাই শ্রেয়। জনগণকে কর্মসূচি থেকে ফিরে আসার অনুরোধ করছি।”
তিনি আরও বলেন, “আজকের ঘটনায় যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে। ভাঙ্গাবাসী সবসময় শান্তিপূর্ণ ছিল। তাদের এই সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানাই।”
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ভাঙ্গায় ইউনিয়ন বিভাজন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন চলছিল, যেখানে হঠাৎ সহিংসতা ছড়িয়ে পড়ে। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রশাসনের কড়া নজরদারিতে এলাকা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
