প্রধান উপদেষ্টার সঙ্গে আইসেস্কো মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সোমবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেস্কো)-এর মহাপরিচালক ড. সালিম এম. আল মালিক।
বৈঠকে ড. আল মালিক প্রফেসর ইউনূসের বিশ্বব্যাপী প্রভাববিস্তারকারী উদ্যোগের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বলেন, “আমি যখন চিকিৎসাশাস্ত্রের ছাত্র ছিলাম, তখনই আপনার ও গ্রামীণ ব্যাংকের কথা শুনেছিলাম। আপনার ‘থ্রি জিরো তত্ত্ব’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণ—আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে।”
প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচিরও প্রশংসা করেন ড. আল মালিক। তিনি জানান, “বাংলাদেশে আসার পর আমি কয়েকজন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং সংস্কার কর্মসূচির অগ্রগতি দেখে আমি আনন্দিত। আমি এই উদ্যোগে সমর্থন জানাই।”
ড. আল মালিক আইসেস্কোর শিক্ষা, যুব উন্নয়ন ও পরিবেশ কৌশলগত পরিকল্পনায় ‘থ্রি জিরো’ তত্ত্ব অন্তর্ভুক্ত করার অনুমতি চান। তিনি বলেন, “আমরা আপনার দৃষ্টিভঙ্গিকে আইসেস্কোর মূল কৌশলের অংশ করতে চাই। এটি আমাদের মিশনের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।”
তিনি আরও জানান, আইসেস্কো ইতোমধ্যে সদস্য দেশগুলোতে সামাজিক ব্যবসার মাধ্যমে খাদ্য অপচয় ব্যবস্থাপনা ও যুব উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। ব্রুনেই, আলজেরিয়া এবং নাইজেরিয়ায় সামাজিক ব্যবসা মডেল বাস্তবায়নের উদাহরণ তুলে ধরেন তিনি।
প্রতিক্রিয়ায় প্রফেসর ইউনূস আইসেস্কোর টেকসই শিক্ষা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তরুণদের ক্ষমতায়ন ও সামাজিক ব্যবসা সম্প্রসারণে যৌথ উদ্যোগের সম্ভাবনাকে স্বাগত জানান।
বৈঠকে শিক্ষা উপদেষ্টা প্রফেসর সি. আর. আবরার উপস্থিত ছিলেন।
