নোবেলজয়ী মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া করিনা মাচাদোকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ এক বার্তায় অধ্যাপক ইউনূস বলেন, “আমি মারিয়া করিনা মাচাদোকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাই। তিনি তার প্রিয় ভেনেজুয়েলায় গণতন্ত্র রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করে গেছেন। নির্যাতন ও প্রতিবন্ধকতার মুখেও তিনি থেমে যাননি এবং তার জনগণের জন্য একটি স্বাধীন, ন্যায়ভিত্তিক ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন।”
নোবেল কমিটির মন্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন,
“গণতন্ত্র নির্ভর করে তাদের ওপর যারা নীরব থাকতে অস্বীকার করেন, ঝুঁকি নিয়েও সত্যকে তুলে ধরেন এবং আমাদের মনে করিয়ে দেন যে স্বাধীনতা সহজে আসে না—তাকে রক্ষা করতে হয় সাহস, শব্দ এবং কর্মের মাধ্যমে।”
অধ্যাপক ইউনূস মাচাদোর প্রচেষ্টার প্রশংসা করে বলেন,
“তিনি একটি উত্তম পৃথিবীর কল্পনা করেছেন এবং সেই কল্পনাকে বাস্তবে রূপ দিতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।”
বার্তার শেষে তিনি পুনরায় বলেন, “অভিনন্দন মারিয়া করিনা মাচাদো।”
