জামিননামা এখন এক ক্লিকে কারাগারে

নিজস্ব প্রতিবেদক:

আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিদের হয়রানি ও ধাপের জটিলতা কমাতে ১৫ অক্টোবর থেকে অনলাইনে জামিননামা (বেইল বন্ড) পাঠানোর পাইলট প্রকল্প চালু হচ্ছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে অ্যাটর্নি জেনারেল অফিসের ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রম করতে হয়। অনেক সময় টাকা খরচও করতে হয়, প্রতিটি ধাপে হয়রানির শিকার হতে হয়। এখন থেকে এক ক্লিকে জামিননামা সরাসরি সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে।”

এই প্রকল্পটি সরকারের অর্থায়নে বাস্তবায়ন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা নিজেরা করেছি, কোনো সহযোগিতা লাগেনি। জামিননামা অনলাইনে পাঠানোর মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় গতিশীলতা ও স্বচ্ছতা বাড়বে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বক্তব্য দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ এবং ব্যারিস্টার অনীক আর হক।

ড. আসিফ নজরুল জানান, “সরকারের বিভিন্ন দপ্তরে বিপুল অর্থ পড়ে রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকে ১৬০০ কোটি টাকা ও রেজিস্ট্রার অফিসে ১৫০০ কোটি টাকা আছে, যা যথাযথভাবে ব্যবহার করলেই অনেক ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”

তিনি আরও বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয়, গুমবিরোধী আইন, দুর্নীতি দমন কমিশন আইন ও মানবাধিকার আইন—এই চারটি আইন কয়েক সপ্তাহের মধ্যেই প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে।