অনির্বাণ-সোহিনী সম্পর্ক নিয়ে নতুন আলোচনা

অনলাইন ডেস্ক :

ওটিটি থেকে বড় পর্দা—সব জায়গাতেই সোহিনী সরকার ও অনির্বাণ ভট্টাচার্যের জুটি দর্শকদের মুগ্ধ করেছে বহুবার। ব্যোমকেশের গম্ভীর অনির্বাণের পাশে বুদ্ধিদীপ্ত সত্যবতীর চরিত্রে সোহিনীর উপস্থিতি এখনো দর্শকের মনে অমলিন।

তবে শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও এই দুই তারকাকে ঘিরে এক সময় প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। ২০১৯ সালে তাঁদের সম্পর্ক নিয়ে টলিপাড়ায় তুমুল আলোচনা হলেও দু’জনের কেউই সে সময় মুখ খোলেননি। অনির্বাণ বলেছিলেন, “সোহিনী আমার খুব ভালো বন্ধু।” অন্যদিকে সোহিনীও নীরব ছিলেন।

কিন্তু সম্প্রতি সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়কে বিয়ের পর প্রথমবার নিজের অতীত সম্পর্ক নিয়ে মুখ খুললেন সোহিনী সরকার। এক সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে বলেন, “শুধু ঘনিষ্ঠ বন্ধু নয়, একটা সময় আমাদের প্রেমের সম্পর্কও ছিল।” তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি মুহূর্তে পুনরায় আলোচনায় এনে দিয়েছে বহু পুরনো জল্পনাকে।

এই সময় অন্যদিকে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। টালিউড ফেডারেশন ও পরিচালকদের চলমান দ্বন্দ্বের জেরে নতুন কাজ পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে সোহিনী বলেন,

“এটা হওয়া উচিত না। কাজের মানুষ কেন কাজ থেকে বাদ পড়বে? এটা অন্যায়। প্রত্যেকে নিজেদের মতো লড়ছে—আমি আমার মতো, সে তার মতো। আমরা সবাই চাই ইন্ডাস্ট্রি উন্নতি করুক, এই তো সোজা কথা।”

প্রসঙ্গত, অনির্বাণ ২০২০ সালের নভেম্বরে মুখাভিনেত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যদিও সম্প্রতি তাঁদের সম্পর্কে ফাটলের খবর ছড়িয়েছে। অন্যদিকে, অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালের ১৫ জুলাই সোহিনী বিবাহ করেন গায়ক শোভন গঙ্গোপাধ্যায়কে।