‘যুক্তরাষ্ট্রে বিপজ্জনক শাসন ব্যবস্হা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে’-বিদায়ী ভাষণে বাইডেন

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর বিদায়ী ভাষণে দেশে একটি বিপজ্জনক গোষ্ঠীশাসন প্রতিষ্ঠিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, একটি গোষ্ঠী বিপুল সম্পদ, ক্ষমতা ও প্রতিপত্তি নিয়ে শাসন প্রতিষ্ঠিত করতে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে। বাইডেন সতর্ক করেছেন, “এটি আমাদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে এবং আমাদের সকলকে এক হয়ে এ হুমকি মোকাবিলা করতে হবে।”

বাইডেন তাঁর ভাষণে ভুল তথ্য ও অপতথ্যের বিষয়ে গুরুত্ব দেন। তিনি বলেন, মার্কিন জনগণ বর্তমানে ভুল তথ্যের শিকার হচ্ছেন, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক। “এটি ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করতে পারে এবং গণমাধ্যমের স্বাধীনতাও ক্ষুন্ন হচ্ছে,” মন্তব্য করেন তিনি।

এছাড়া বাইডেন জলবায়ু পরিবর্তন বিষয়ে তাঁর বক্তব্যে বলেন, “আমরা জলবায়ু পরিবর্তন রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি, তবে ক্ষমতাশালী গোষ্ঠীগুলি তাদের অনিয়ন্ত্রিত প্রভাব খাঁটিয়ে এই পদক্ষেপগুলো নষ্ট করতে চাইছে।” বাইডেন এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তামাশা মন্তব্যের প্রতি ইঙ্গিত করেন, যিনি একসময় জলবায়ু পরিবর্তনকে গুরুত্বহীন বলে মন্তব্য করেছিলেন।

বাইডেন তাঁর ভাষণে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎকে সতর্কভাবে দেখার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র, স্বাধীনতা এবং পরিবেশের জন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে।