নিজস্ব প্রতিবেদক:
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সোমবার (১০ নভেম্বর) রাতে ফেসবুকে শেয়ার করা এক পোস্টে মন্তব্য করেছেন, “আওয়ামী লীগ এখন মরা লাশ। আগামী ৫০ বছরে দেশের রাজনীতিতে এ দলের ফেরার সম্ভাবনা নেই।”
তিনি আরও লিখেছেন, দলের অবস্থানরত নেতাকর্মীদের জন্য পরামর্শ, “স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে পালিয়ে থাকা নেতাদের কথায় উচ্ছৃঙ্খল হয়ে রাস্তায় নামার দরকার নেই। মুখোশ বা মাস্ক পরে ঝটিকা মিছিল বা গুপ্ত মিছিল করার ঝুঁকি এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।”
নুর বলেন, আওয়ামী লীগের আমলে বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলের নেতাকর্মীরা যেভাবে নিপীড়নের শিকার হয়েছেন, তার তুলনায় বর্তমান নেতা-কর্মীরা অনেক ভালো অবস্থায় আছেন। তিনি সতর্ক করেছেন, “চুপচাপ থাকলে আরও ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।”
তিনি আরও মন্তব্য করেছেন, ১৯৭৫ সালে শেখ মুজিব ও ২০২৪ সালে তার কন্যা শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটেছে। “এখন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এর দাফন-কাফন সম্পন্ন হবে। তাই মরা লাশের পেছনে ছুটে যায়রানি না করে নতুন দিনের সম্ভাবনার সঙ্গে থাকাই ভালো।”
নুরুল হক নুরের বক্তব্যে নতুন বাংলাদেশের রূপকল্পও ফুটে উঠেছে। তিনি বলেন, “নতুন বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব—যেখানে কোনো ক্ষমতালোভী শাসক থাকবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে গণতান্ত্রিক মূল্যবোধ, দেশপ্রেম, সততা, দায় ও দরদের রাজনীতি।”











