গাজীপুরে ভোরে আরও দুটি বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে দুর্বৃত্তরা আজ বুধবার ভোরে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে মহানগরের ভোগড়া বাইপাস এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। বাসটি জয়দেবপুর মাঝিরখোলা থেকে ঢাকা নিউমার্কেট রুটে চলাচল করত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজীব হোসেন বলেন, “ফজরের আজানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভিআইপি পরিবহনে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের আসনসহ অনেক অংশ পুড়ে গেছে। সৌভাগ্যবশত, বাসে তখন কেউ ছিল না।”

এদিকে একই ভোরে, শ্রীপুর থানার বেড়াইদের চালা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আরও একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোর ৪টা ৫০ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী জানায়, রাতে জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা বাসটির পাশে দুই যুবক মোটরসাইকেল থামিয়ে আগুন দেয়। বাসে যাত্রী না থাকায় কেউ হতাহত হয়নি, তবে আসন ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, “আগুনে বাসগুলোর ইঞ্জিন ও আসনের অংশ পুড়ে গেছে। এর আগেও মঙ্গলবার রাতে চক্রবর্তী এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।”

পুলিশ বলছে, এসব ঘটনায় কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে।