১০ মাসে রাজধানীতে ১৯৮ হত্যাকাণ্ড: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীতে গত ১০ মাসে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা রেকর্ড হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র তালেবুর রহমান এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য দেন। তিনি বলেন, গড়ে প্রতি মাসে রাজধানীতে প্রায় ২০টি হত্যাকাণ্ড ঘটে এবং এসব ঘটনার বেশির ভাগেরই রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছে পুলিশ।

তালেবুর রহমান আরও জানান, পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যাকাণ্ডে পুলিশ জোরালোভাবে তদন্ত করছে। ঘটনাটিতে এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, “হত্যায় জড়িত বাকি দুইজনকে গ্রেফতার করতে পারলে ঘটনার মূল কারণ ও পটভূমি স্পষ্ট হবে।” নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো মামলা করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

এর আগের দিন সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবীর পুরোনো থানার কাছে সি ব্লকের একটি হার্ডওয়্যার দোকানে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।