অনলাইন ডেস্ক:
ম্যাসাচুসেটসে একজন চিকিৎসকের বিরুদ্ধে দুই শতাধিক প্রাক্তন রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। ডা. ডেরিক টডের বিরুদ্ধে ২০১০ সাল থেকে চিকিৎসা নেওয়া রোগীদের অপ্রয়োজনীয় পেলভিক ফ্লোর থেরাপি, স্তন পরীক্ষা, টেস্টিকুলার পরীক্ষা এবং অন্যান্য অনুপযুক্ত চিকিৎসা পদ্ধতি প্রয়োগের অভিযোগ উঠেছে।
মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের বিবৃতিতে জানানো হয়, দুই নারীকে যৌন নিপীড়ন এবং দুটি ধর্ষণের ঘটনায় টড অভিযুক্ত। তবে শুক্রবার আদালতে জামিনের শুনানির সময় টড নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত টডকে ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ না করা, পাসপোর্ট এবং মেডিকেল লাইসেন্স জমা দেওয়া এবং নতুন কোনো পাসপোর্ট বা লাইসেন্সের জন্য আবেদন না করার নির্দেশ দিয়েছে।
২০২২ সালের ডিসেম্বর এবং ২০২৩ সালের জুনে দুটি পৃথক হামলার ঘটনায় টডের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু হয়েছে। বোস্টনের আইনজীবী উইলিয়াম থম্পসন, যিনি টডের বিরুদ্ধে অভিযোগকারীদের প্রতিনিধিত্ব করছেন, বলেছেন যে এটি বিশ্বাসের গুরুতর লঙ্ঘন। তিনি দাবি করেন, টড তার রোগীদের বিশ্বাসের সুযোগ নিয়ে তাদের প্রতি যৌন নিপীড়ন চালিয়েছেন।
ডা. টড ব্রিগহাম অ্যান্ড উইমেনস হসপিটালের একজন প্রাক্তন রিউম্যাটোলজিস্ট ছিলেন। ২০২৩ সালের এপ্রিল মাসে তার বিরুদ্ধে অভিযোগ উঠলে হাসপাতাল তদন্ত শুরু করে এবং জুলাই মাসে তাকে বরখাস্ত করে। অভিযোগের ভিত্তিতে টড বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে মেডিসিন অনুশীলন থেকে বিরত রয়েছেন।
অভিযোগকারীদের মধ্যে কিশোরী থেকে ষাটোর্ধ্ব নারীরাও রয়েছেন। তাদের আইনজীবী পলা ব্লিস বলেন, এটি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত যারা সাহস করে এই তথাকথিত চিকিৎসকের অন্যায় আচরণের বিরুদ্ধে এগিয়ে এসেছেন।
টডের বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলো আরও বাড়তে পারে বলে আইনজীবীরা ধারণা করছেন। তার প্রাক্তন কর্মস্থলগুলোও বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে। তদন্ত ও মামলাগুলো বর্তমানে চলমান।











