অনলাইন ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভমেলায় গতকাল রোববার একটি তাবুতে সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। জানা গেছে, বিস্ফোরণের ফলে দ্রুত ২০-২৫টি তাবু পুড়ে যায় এবং আগুনের শিখা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে মেলা এলাকায় আতঙ্ক সৃষ্টি হলে লোকজন নিরাপদ স্থানে ছুটতে শুরু করে।
স্থানীয় সংবাদমাধ্যম নিউজ নাইনের রিপোর্টে বলা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ৬টি ট্রাক ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে প্রবল বাতাসের কারণে আগুনের তীব্রতা বাড়ছে এবং তা দ্রুত আশপাশের তাবুগুলিতে ছড়িয়ে পড়ছে। পুলিশ ও এনডিআরএফ দল নিরাপত্তার জন্য আশপাশের এলাকা খালি করার কাজ শুরু করেছে।
এ ঘটনার পর এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনাটি কুম্ভমেলার ৫ নম্বর সেক্টর থেকে শুরু হয়ে ১৯ ও ২০ নম্বর সেক্টরে ছড়িয়ে পড়ে। এটি শাস্ত্রী ব্রিজ ও রেল ব্রিজের মাঝখানে ঘটে।
প্রসঙ্গত, কুম্ভমেলা ১৩ জানুয়ারি শুরু হয়ে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রতি ১২ বছর পর আয়োজিত এই মেলার এবারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন ভারতের শিল্পোন্নয়ন মন্ত্রী নন্দগোপাল গুপ্ত নন্দী, যমুনা নদীর তীরে।











