তাইওয়ানে ভূমিকম্প, এক মাস বয়সী শিশু সহ আহত ২৬ জন

অনলাইন ডেস্ক:

সোমবার দিবাগত রাতে তাইওয়ানের দক্ষিণাঞ্চলে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে, যার ফলে অন্তত ২৭ জন আহত হয়েছেন। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চিয়াই কাউন্টি হল থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটি এক মিনিট স্থায়ী ছিল।

তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, ভূমিকম্পের পর চিয়াই এবং তাইনান শহরের আশেপাশে ছোট থেকে মাঝারি ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। দমকল বিভাগ জানিয়েছে, ২৭ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে তাইনানের নানক্সি জেলায় একটি ধসে পড়া বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে, এর মধ্যে এক মাস বয়সী একটি শিশুও ছিল।

এছাড়া, প্রাদেশিক মহাসড়কের ঝুওয়েই সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। উদ্ধারকর্মীরা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন। ভূমিকম্পের ফলে চিয়াই শহরে একটি মুদ্রণ কারখানায় আগুন লেগে যায়, তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তাইওয়ান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত হওয়ায়, দেশটি প্রায়ই ভূমিকম্পের শিকার হয়। গত বছরের এপ্রিল মাসে ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১৩ জন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছিল। ১৯৯৯ সালে ৭.৬ মাত্রার একটি ভূমিকম্পে ২,৪০০ জনের মৃত্যু হয়, যা দেশটির ইতিহাসের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প ছিল। এর পর থেকেই তাইওয়ান ভূমিকম্প প্রতিরোধী নির্মাণ পদ্ধতি গ্রহণ করেছে এবং একটি উন্নত প্রাথমিক সতর্কতা ব্যবস্থা তৈরি করেছে, যাতে দ্রুত জনসাধারণকে ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করা যায়।