অনলাইন ডেস্ক:
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, যিনি এপার বাংলার মতো ওপার বাংলাতেও সমান জনপ্রিয়, বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। তিনি সেখানে দুটি সিনেমার ডাবিংয়ের কিছু সংশোধনীর কাজ করছেন। ডাবিং শেষে জয়া আহসান যাত্রা করবেন গোয়ায়, যেখানে অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৫তম আসর।
এই উৎসবে তার ভূতপরী সিনেমার বিশেষ প্রদর্শনী হবে। সিনেমাটি ইন্ডিয়ান প্যানারোমা বিভাগের ফিচার ফিল্ম শাখায় স্থান পেয়েছে, যা নিয়ে তিনি সম্মানিত বোধ করছেন। জয়া জানান, এমন একটি ঐতিহাসিক চলচ্চিত্র উৎসবে তার সিনেমা জায়গা করে নেওয়া সত্যিই একটি গর্বের বিষয়।
এদিকে, একই উৎসবে জয়ার সঙ্গে অংশগ্রহণ করতে যাচ্ছেন দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার অভিনীত প্রিয় মালতী সিনেমাটি ইফিতে প্রদর্শিত হবে।
ভূতপরী সিনেমাটি আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পাবে কলকাতায়। এতে জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, সুদীপ্তা চক্রবর্তী, শান্তিলাল ও বিষান্তক মুখোপাধ্যায়। ছবিটি পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল।
বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে জয়ার আরও দুটি সিনেমা এবং একটি ওয়েব সিরিজ। ডিয়ার মা ও ওসিডি সিনেমার পোস্টার শুট নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। ওসিডি সিনেমাটি ২০২৫ সালের প্রথম দিকে মুক্তির কথা রয়েছে, আর ডিয়ার মা সিনেমার মুক্তির তারিখ এখনও ঘোষণা হয়নি। এতে জয়া আহসানকে প্রথমবারের মতো মায়ের চরিত্রে দেখা যাবে।











