সিলেটে কৃষিপণ্য রপ্তানি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটে কৃষিপণ্য রপ্তানি বিষয়ক এক মতবিনিময় সভা বৃহস্পতিবার দুপুরে নগরীর ধোপাদিঘীর পারস্থ খামারবাড়ি এডিএই অফিসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ কাজী মজিবুর রহমান।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী ঢাকার উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. মোঃ হযরত আলী। সভায় বক্তৃতা দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক কৃষিবিদ মোঃ খয়ের উদ্দিন মোল্লা, আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার জালাল উদ্দিন, ডিএই খামারবাড়ী ঢাকার পিপিডব্লিও অতিরিক্ত উপ পরিচালক কারিমা আক্তার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের এডিডি (পিপি) মোহাম্মদ আনিসুজ্জামান, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেটের কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুল মন্নান, সদর উপজেলা কৃষি অফিসার অপূর্ব লাল সরকার, জৈন্তাপুর উপজেলা কৃষি অফিসার শামীমা আক্তার, গোলাপগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ মাশরেফুল আলম।

এছাড়া, রপ্তানিকারকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ মুস্তাফিজুর রহমান, মনজুর আহমদ, নিয়াজ মোর্শেদ, শহীদুল ইসলাম, হেলাল আহমদ, মুহিবুর রহমান প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কৃষিব্যবস্থার উন্নয়নে আধুনিক প্রযুক্তির প্রসার, যান্ত্রিকীকরণ, উন্নত কৃষি উপকরণের সহজলভ্যতা (বীজ, সার ও সেচ), উন্নত গবেষণার মাধ্যমে নতুন নতুন কৃষিপ্রযুক্তি উদ্ভাবন এবং কৃষকের দ্বারপ্রান্তে কৃষিপ্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা ও মোট উৎপাদন বাড়ছে। এর ফলে খোরপোশ কৃষি বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে এবং কৃষকরা প্রচলিত চাষাবাদ পদ্ধতির পাশাপাশি বিপুল পরিমাণে শাকসবজি ও ফলমূল আবাদ করছেন। বর্তমানে, দেশের চাহিদা মিটিয়ে শাকসবজি ও ফলমূল বিদেশে রপ্তানি হচ্ছে।

এছাড়া, বিভিন্ন কোম্পানি কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করছে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানসম্মত কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী কৃষিশিল্প বিকাশের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে। এই সম্ভাবনা আরো প্রসারিত করতে সংশ্লিষ্ট সকলকে সময়োচিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এগিয়ে আসতে হবে।