ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা

অনলাইন ডেস্ক:

ভারতের ব্যাঙ্গালুরুতে ২৮ বছর বয়সী এক বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠেছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রামমূর্তি নগরের কেলকেরে লেকের কাছ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। টাইমস অব ইন্ডিয়া এই খবর প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, নিহত নারী একটি অ্যাপার্টমেন্টে গৃহপরিচারিকার কাজ করতেন। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তবে বাংলাদেশের কোন জেলায় ওই নারীর বাড়ি তার তথ্য পাওয়া যায়নি।

পুলিশ আরও জানিয়েছে, ওই নারী বাংলাদেশি নাগরিক ছিলেন এবং তার স্বামীর বৈধ কাগজপত্র রয়েছে। তারা তিন সন্তানসহ গত ছয় বছর ধরে এই এলাকায় বসবাস করছিলেন। গত বৃহস্পতিবার বাড়ি ফেরার সময় তিনি সহকর্মীকে জানান, তার অন্য একটি কাজ রয়েছে, তাই ফিরে যেতে দেরি হবে। এরপর বাড়ি না ফেরায় তার স্বামী রামমূর্তি নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনার খবর পেয়ে পূর্ব বিভাগের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) দেবরাজ ফরেনসিক বিশেষজ্ঞ ও ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “শুক্রবার সকালে ১১২ নম্বরে কল পেয়ে আমরা একটি পরিত্যক্ত স্থানে এক নারীর মরদেহ পাওয়ার তথ্য পাই। প্রাথমিক তদন্তে জানা গেছে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এটি একটি নৃশংস অপরাধ। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।”