সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে রেকর্ড গড়লেন জার্মান নাগরিক রুডিগার কোচ

অনলাইন ডেস্ক:

পানামা উপকূলে সমুদ্রের নিচে ১২০ দিন অবস্থান করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন জার্মান নাগরিক রুডিগার কোচ। ৫৯ বছর বয়সী মহাকাশ ইঞ্জিনিয়ার কোচ তার ৩০ মিটার গভীরতার ক্যাপসুল থেকে শুক্রবার বের হয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বিচারক সুজানা রেয়েসের উপস্থিতিতে এই রেকর্ড ঘোষণা করেন।

আগে এই রেকর্ডটি ছিল আমেরিকান জোসেফ দিতুরির, যিনি ফ্লোরিডার লেকে পানির নিচে ১০০ দিন অবস্থান করেছিলেন। তবে, রুডিগার কোচ তার রেকর্ড ভেঙে নতুন মাইলফলক তৈরি করেছেন। সমুদ্রের নিচে থাকা অবস্থায় কোচের ক্যাপসুলে একটি বেড, টয়লেট, টিভি, কম্পিউটার, ইন্টারনেট এবং একটি শরীরচর্চার সাইকেল ছিল।

এএফপির সঙ্গে আলাপকালে কোচ বলেছেন, “এটি ছিল এক দুঃসাহসিক অভিযান, যা এখন শেষ হয়েছে। সমুদ্রের নিচে সবকিছু শান্ত এবং অন্ধকার ছিল, তবে সমুদ্র নিজে ছিল জ্বলজ্বল।” তিনি আরও বলেন, “এই অভিজ্ঞতার বর্ণনা দেওয়া অসম্ভব। আপনাকে নিজে এটি অনুভব করতে হবে।”

এই অভিযানের মাধ্যমে কোচ মানুষের বসবাসের স্থান সম্পর্কে নতুন ধারণা তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এই অভিযান আমাদের ধারণা পরিবর্তন করবে, কোথায় আমরা বসতি গড়তে পারি, তা নিয়ে নতুন চিন্তা আসবে।” কোচ বিশ্বাস করেন যে, সমুদ্রের পরিবেশ মানব সভ্যতার বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।