ব্রিটিশ সমাজে বাংলাদেশিদের অবদান ভুলবার নয়: রাজা তৃতীয় চার্লস

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং দেশের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। আজ এক বিশেষ বার্তায় তিনি বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

রাজা চার্লস তাঁর বার্তায় দুই দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, “আমাদের এই সম্পর্ক কমনওয়েলথের অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গড়ে উঠেছে।” তিনি বিশেষভাবে যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন। রাজা মনে করেন, ব্রিটিশ সমাজকে সমৃদ্ধ করার পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করতে প্রবাসীরা গুরুত্বপূর্ণ অনুঘটক হিসেবে কাজ করছেন।

বিশ্বব্যাপী বিদ্যমান অনিশ্চয়তার এই সময়ে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে ব্রিটিশ রাজা আশাবাদ ব্যক্ত করেন যে, কমনওয়েলথ কাঠামোর মধ্যে দুই দেশের সহযোগিতা আগামীতে আরও বৃদ্ধি পাবে। এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন তিনি।

বার্তায় রাজা তৃতীয় চার্লস আরও বলেন, “পরিবেশ সুরক্ষা ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বকে আমি অত্যন্ত মূল্যায়ন করি। জলবায়ু কার্যক্রমে আমাদের যৌথ প্রচেষ্টা দুই দেশের সম্পর্কের এক অবিচ্ছেদ্য অংশ।” পরিশেষে তিনি বাংলাদেশের জনগণের শান্তি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাঁর বার্তা শেষ করেন।

—সূত্র বাসস