ডোনাল্ড লু যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বিদায় নিয়েছেন

অনলাইন ডেস্ক:

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ১৭ জানুয়ারি তার মেয়াদ শেষ করেছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, তার পদমর্যাদা ২০২৫ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত ছিল, যা সম্প্রতি শেষ হয়েছে।

ডোনাল্ড লু ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ শেষ হওয়ার সময় নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার মাত্র তিন দিন আগে ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নীরবে ডোনাল্ড লুর বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, তাকে বরখাস্ত করা হয়নি এবং তার মেয়াদ স্বাভাবিকভাবেই শেষ হয়েছে।

২০২১ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন জো বাইডেন। বাইডেনের ক্ষমতায় আসার আট মাস পর ডোনাল্ড লু দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পান।