অনলাইন ডেস্ক:
কলোম্বিয়া অভিবাসী বহনকারী মার্কিন সামরিক উড়োজাহাজ অবতরণের অনুমতি দিয়েছে, যদিও এর আগে দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলোম্বিয়াকে হুমকি দেন যে, তারা যদি অভিবাসীদের গ্রহণ না করে তবে শুল্কারোপ এবং অন্যান্য শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে।
অন্যদিকে, কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো অভিযোগ করেন, মার্কিন পরিকল্পনায় অভিবাসীদের সঙ্গে সম্মানজনক আচরণ করা হচ্ছে না। এর আগে, মেক্সিকোও অভিবাসী বহনকারী মার্কিন সামরিক উড়োজাহাজ অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান করেছিল।
হোয়াইট হাউস জানায়, কলোম্বিয়া এখন থেকে মার্কিন সামরিক উড়োজাহাজের অবতরণ এবং অভিবাসী প্রত্যাবাসনে সহযোগিতা করবে। ট্রাম্পের শর্ত মেনে চলতে কলোম্বিয়া এই সম্মতি দিয়েছে, তবে পণ্যে শুল্ক তল্লাশি ও ভিসা নিষেধাজ্ঞার আদেশ বজায় থাকবে যতক্ষণ না প্রথম উড়োজাহাজটি কলোম্বিয়া থেকে ফেরত আসে।
এটি স্পষ্টভাবে ট্রাম্পের পররাষ্ট্রনীতির মধ্যে পেশিশক্তির প্রয়োগের দিকে ইঙ্গিত করছে, যার মাধ্যমে তিনি দেশগুলোকে মার্কিন আদেশ মেনে চলতে বাধ্য করতে চান।











