অনলাইন ডেস্ক
ভারতীয় সংগীত জগতের এক নক্ষত্রের পতন ঘটল। দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে কয়েক প্রজন্মকে নিজের জাদুকরী কণ্ঠে মাতিয়ে রাখা কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে আর নেই। গতকাল শনিবার বুকে সংক্রমণ ও প্রচণ্ড শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজ দুপুরে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪৩ সালে মাত্র ১০ বছর বয়সে মারাঠি চলচ্চিত্রের মাধ্যমে তাঁর পথচলা শুরু। এরপর হিন্দি চলচ্চিত্রের স্বর্ণযুগ থেকে শুরু করে আধুনিক পপ ও গজল—সবক্ষেত্রেই তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। ১২ হাজারেরও বেশি গানে কণ্ঠ দেওয়া এই শিল্পী গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও নিজের নাম লিখিয়েছিলেন। তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী থেকে শুরু করে বলিউড ও বিশ্বসংগীতের তারকারা গভীর শোক প্রকাশ করেছেন।











