অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীদের গ্রহণে সম্মত হওয়ায় কলম্বিয়ার ওপর শুল্ক আরোপ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো মার্কিন সামরিক বিমানের অবতরণে নিষেধাজ্ঞা জারির পর ট্রাম্প গত রোববার কলম্বিয়ার পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দেন।
প্রথমে পেত্রো বলেছিলেন, তার দেশ “বেসামরিক বিমানের মাধ্যমে” অভিবাসীদের গ্রহণ করবে, তবে পরবর্তীতে কলম্বিয়া যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের মাধ্যমে অভিবাসীদের গ্রহণে সম্মত হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, কলম্বিয়া এখন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো নাগরিকদের “বাধাহীন এবং বিলম্ব ছাড়াই” গ্রহণ করবে। যুক্তরাষ্ট্র এই নিশ্চয়তা পেয়ে শুল্ক আরোপ স্থগিত করেছে।
কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো তার টুইটারে (এক্স) শুল্ক আরোপের ঘোষণার পর, তিনি বলেন, “আপনার অবরোধ আমাকে ভয় জাগায় না, কারণ কলম্বিয়া সৌন্দর্যের দেশ এবং এটি পৃথিবীর হৃদয়।” তবে পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়, এবং কলম্বিয়া ট্রাম্পের “সব দাবি” মেনে নিতে সম্মত হয়।
হোয়াইট হাউস জানিয়েছে, যদি কলম্বিয়া চুক্তি পালন করতে ব্যর্থ হয়, তবে ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক আবার কার্যকর হবে। এদিকে, ট্রাম্পের পূর্ববর্তী পদক্ষেপ অনুযায়ী, কলম্বিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা এবং সীমান্তে বাড়তি নজরদারি আরোপের নির্দেশও দেওয়া হয়েছিল।
এই পরিস্থিতির মধ্যে, প্রথম প্লেনভর্তি কলম্বিয়ান অভিবাসী সফলভাবে ফেরত পাঠানো পর্যন্ত ট্রাম্পের পদক্ষেপগুলো কার্যকর থাকবে বলে হোয়াইট হাউস জানায়।











