অনলাইন ডেস্ক:
পাকিস্তানের মুলতানের হামিদপুর কানোরা এলাকার ইন্ডাস্ট্রিয়াল এস্টেটে একটি গ্যাসভর্তি ট্যাংকার বিস্ফোরণে ছয়জন নিহত এবং ৩৩ জন আহত হয়েছেন। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, সোমবার ভোরে এলপিজি ট্যাংকার বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লেগে যায়, যা আশপাশের এলাকায় ব্যাপক ক্ষতি সৃষ্টি করে।
প্রাথমিকভাবে, বিস্ফোরণে পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও, পরবর্তীতে একটি বাড়ি থেকে আরো একটি মৃতদেহ উদ্ধার করা হলে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়ায়। নিহতদের মধ্যে একজন নাবালিকা এবং দুইজন নারী রয়েছেন। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ জানায়, বিস্ফোরণস্থলের আশপাশে কমপক্ষে ২০টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ৭০টি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মুলতানের সিটি পুলিশ অফিসার সাদিক আলী জানান, বিস্ফোরণের আগে গ্যাসের গন্ধ পেয়ে এলাকাবাসী সেখান থেকে সরে যায়। তিনি আরও বলেন, একটি ট্যাংকার ট্রাকের ভালভ থেকে গ্যাস লিক হচ্ছিল, যা বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়।
প্রায় ঘণ্টাখানেকের চেষ্টার পর দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলটি একটি অবৈধ এলপিজি রিফিলিং গুদাম হিসেবে চিহ্নিত করেছে এবং জানায় যে গ্যাস স্থানান্তরের সময় এই বিস্ফোরণ ঘটে।
এছাড়া, স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এলাকাবাসীকে বিস্ফোরণস্থল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে। তল্লাশি অভিযানও চলছে এবং মুলতান-মুজাফফরগড় সড়কটি যান চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে।
সূত্র: জিও নিউজ











