নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কখন হবে, তা সরকার নির্ধারণ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ডিসেম্বরকে সামনে রেখে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ হলরুমে ভোটার তালিকা হালনাগাদ-২০২৫ বিষয়ক তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও নতুন ভোটারদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
সানাউল্লাহ আরও জানান, কমিশন নির্বাচনের প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালনা করবে এবং ভোটের পরিবেশ সুষ্ঠু রাখতে তারা কাজ করছেন। তিনি বলেন, “আগামী নির্বাচনে যদি আমরা স্বচ্ছ পাত্র উপহার দিতে পারি, তবে যে পানিই দেওয়া হবে তা স্বচ্ছ রং ধারণ করবে।”
তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে যাতে ভুয়া ভোটার, মৃত ভোটার, বিদেশি নাগরিক বা দ্বৈত ভোটারদের উপস্থিতি না থাকে। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে। এছাড়া, ডিজিটাল সেবার মাধ্যমে ভবিষ্যতে ঘরে বসেই ভোটার হওয়ার আবেদন করা যাবে, যা ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া আরও সহজ করবে।











