অনলাইন ডেস্ক:
সোমবার দিবাগত রাত ১২টা থেকে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির কারণে রাজশাহী রেলস্টেশনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় ক্ষুব্ধ হয়ে যাত্রীরা স্টেশনের চেয়ার ভাঙচুর করেন এবং রেলের এক কর্মচারীকে মারধর করেন।
রাজশাহী রেলস্টেশন থেকে সকাল ৬টা ২০ মিনিটে চিলাহাটির উদ্দেশ্যে তিতুমীর এক্সপ্রেস, ৬টা ৩০ মিনিটে খুলনাগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস, ৭টা ০০ মিনিটে বনলতা এক্সপ্রেস এবং ৭টা ৪০ মিনিটে সিল্কসিটি ট্রেনগুলো চলাচল বন্ধ ছিল। যাত্রীরা জানতেন না যে ট্রেন বন্ধ রয়েছে এবং টিকিটও বিক্রি হচ্ছিল। এ পরিস্থিতি নিয়ে তারা হতাশ হয়ে ট্রেনের অপেক্ষায় থাকেন এবং স্টেশনে ভাঙচুর করেন।
বিক্ষুব্ধ যাত্রীরা রেলওয়ের দুজন স্টাফকে আটক করে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি জানান। তারা অভিযোগ করেন, রেল কর্তৃপক্ষ ট্রেন বন্ধ থাকার বিষয়টি আগেভাগে জানায়নি এবং অনলাইনে টিকিট বিক্রি করে যাত্রীদের আরও বিভ্রান্ত করেছে।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার শহিদুল আলম বলেন, “যাত্রীরা ক্ষুব্ধ হয়ে কিছু চেয়ার ভাঙচুর করেছেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতনদের জানিয়ে টিকিটের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করেছি। যারা অনলাইনে টিকিট কিনেছেন, তাদেরও টাকা ফেরত দেওয়া হবে।”
রাজশাহী রানিং স্টাফ ঐক্য পরিষদের আহ্বায়ক আমিনুল ইসলাম জানিয়েছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং তা অব্যাহত থাকবে যতক্ষণ না তাদের দাবি পূর্ণ হয়।











