ঈদযাত্রার শেষ দিনের ট্রেনের অগ্রিম টিকিট মিলছে আজ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ রোববার (১৭ মে) থেকে ২৭ মে তারিখের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার এই টিকিটগুলো বরাবরের মতো শতভাগ অনলাইন বা ডিজিটাল পদ্ধতিতে সংগ্রহ করতে হবে।

 

সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের আসনের টিকিট পাওয়ার সুযোগ মিলবে। রেলওয়ের পরিকল্পনা অনুযায়ী, সম্ভাব্য ঈদ ২৮ মে ধরে এই অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে।

 

রেলওয়ের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, গত ১৩ মে থেকে পর্যায়ক্রমে ২৩ মে থেকে ২৬ মে পর্যন্ত চার দিনের অগ্রিম টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ এই সিরিজের শেষ দিনের টিকিট বিক্রি করা হচ্ছে। টিকিট বিক্রির প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রেলওয়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ‘একজন যাত্রী এই বিশেষ অগ্রিম টিকিট একবারের বেশি কিনতে পারবেন না এবং একবারে সর্বোচ্চ চারটি টিকিট কেনা যাবে।’ এছাড়া বিশেষ ব্যবস্থাপনায় বিক্রি করা এই অগ্রিম টিকিটের ক্ষেত্রে নিয়ম করা হয়েছে যে, ‘একবার কেনা টিকিট ফেরত দেওয়ার সুযোগ নেই।’

 

যাত্রীদের চাপের বিষয়টি বিবেচনা করে ভ্রমণের দিন ট্রেন ছাড়ার আগে স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট ইস্যু করার সিদ্ধান্ত রয়েছে। তবে এই সুবিধা শুধুমাত্র উচ্চ শ্রেণি বাদে অন্য সব শ্রেণির আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।

 

অন্যদিকে, ঈদের চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৮, ২৯ ও ৩০ মে তারিখের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।