আবু সাঈদ হত্যা: কারাগারে বেরোবির সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্য

নিজস্ব প্রতিবেদক:

কোটা সংস্কার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে হত্যার মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

 

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, আজ আদালতের কার্যক্রম শেষে প্রসিকিউটর ফারুক আহমেদ সাংবাদিকদের বলেন, দণ্ডিত হাসিবুর রশীদকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হলে রায়ের সাজা অনুযায়ী তাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু তিনি ইতোমধ্যে দণ্ডিত হয়েছেন, তাই আজ থেকেই তার সাজা কার্যকর হবে।

 

প্রসিকিউটর ফারুক আহমেদ আরও জানান, মামলার রায় গত ৯ এপ্রিল ঘোষণা করা হলেও পূর্ণাঙ্গ রায়ের সত্যায়িত অনুলিপি এখনো প্রকাশ করা হয়নি। রায়ের সত্যায়িত অনুলিপি পাওয়ার পর দণ্ডিত ব্যক্তি নিয়ম অনুযায়ী আপিল করার সুযোগ পাবেন।

 

এরআগে দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আবু সাঈদ হত্যা মামলার রায়ে ৩০ জন আসামির মধ্যে ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। অধ্যাপক হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

গত শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের একটি বাসা থেকে হাসিবুর রশীদকে গ্রেফতার করে পুলিশ।