জুলাই গ্রাফিতি মোছার নির্দেশ দেয়নি সিটি করপোরেশন: চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি বিজড়িত কোনো গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে জুলাই আন্দোলনের গ্রাফিতি অপসারণ নিয়ে আলোচনা-সমালোচনার পর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

 

বিবৃতিতে মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে চসিক সবসময় নগরের সৌন্দর্যবর্ধন, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছে। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক কিংবা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতির মতো গুরুত্বপূর্ণ বিষয় অপসারণের প্রশ্নই আসে না।

 

বিবৃতিতে আরও বলা হয়, চসিকের কোনো বিভাগ বা শাখাও গ্রাফিতি মোছার কোনো কার্যক্রম পরিচালনা করেনি। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সবাইকে আহ্বান জানানো হয়েছে।

 

এর আগে, নগরের টাইগারপাস এলাকায় জুলাইয়ের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।