ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত চলবে এ মেলা। জাতীয় পর্যায়ের পাশাপাশি বিভাগ, জেলা, উপজেলা ও রাজস্ব সার্কেল পর্যায়েও একযোগে আয়োজন করা হয়েছে এই কর্মসূচির।

এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।” ভূমি সেবা আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে সরকারের চলমান উদ্যোগকে সামনে রেখেই এবারের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

মেলার উদ্বোধনের আগে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভূমিমন্ত্রী মিজানুর রহমনান মিনু বলেন, জনগণকে ভূমিসেবা সম্পর্কে সচেতন করা এবং সেবা সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “একসময় ভূমি ব্যবস্থাপনা নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা ছিল। বর্তমান সরকার সেই অবস্থার পরিবর্তনে কাজ করছে।”

 

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, মেলার মাধ্যমে নাগরিকদের অটোমেটেড ভূমিসেবা সম্পর্কে ধারণা দেওয়া হবে। একই সঙ্গে ঘরে বসে অনলাইনে খতিয়ান, নামজারি, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা পাওয়ার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করা হবে।

 

মেলায় সরাসরি ভূমিসেবা প্রদান, অভিযোগ গ্রহণ ও তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া ভূমি উন্নয়ন কর পরিশোধে নাগরিকদের উৎসাহিত করা এবং ডিজিটাল সেবার ব্যবহার বাড়ানোর দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালুর ফলে হয়রানি কমবে এবং সেবার গতি বাড়বে। একই সঙ্গে রাজস্ব আদায় বাড়ানোর পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিলতা কমাতেও এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।