অনলাইন ডেস্ক:
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ঘোষণা দিয়েছেন যে, পিয়ংইয়ং অনির্দিষ্টকালের জন্য পরমাণু কর্মসূচি চালিয়ে যাবে। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।
কিম জং উনের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়ে কথা বলেছেন। সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, উত্তর কোরিয়ার এই অবস্থান তাদের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি একটি পরমাণু সরঞ্জাম উৎপাদন কেন্দ্র পরিদর্শনকালে কিম জং উন সতর্ক করে বলেছেন, শত্রু দেশগুলোর সঙ্গে সংঘর্ষ এখন প্রায় অনিবার্য হয়ে উঠেছে এবং ২০২৫ সাল হবে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি জোরদারের ‘গুরুত্বপূর্ণ বছর’। তিনি আরও বলেন, ‘দেশের পরমাণু শক্তি জোরদার করা হচ্ছে আমাদের দৃঢ় রাজনৈতিক এবং সামরিক অবস্থানের অংশ হিসেবে।’
কিম জং উনের এই মন্তব্য এমন এক সময় এসেছে, যখন দেশটি সম্প্রতি উপকূল থেকে সমুদ্রে কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কেসিএনএ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই কিম জং উন পরমাণু অস্ত্রের কারখানা পরিদর্শনে যান এবং সেখানেই তিনি এই ঘোষণা দেন।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর এটিই উত্তর কোরিয়ার প্রথম পরমাণু অস্ত্র পরীক্ষা, যা আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা বাড়াতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।











