মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে নিহত ১৫

অনলাইন ডেস্ক:

ভারতের উত্তর প্রদেশের ঐতিহ্যবাহী মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে ১৫ জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন অনেকেই।  নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৯ জানুয়ারি) উত্তর প্রদেশের ত্রিবেণী সঙ্গমে পবিত্র মৌনী অমাবস্যার স্নান উপলক্ষে লাখ লাখ মানুষ জমায়েত হলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১টার দিকে পদদলনের ঘটনা শুরু হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, ভিড়ের চাপে পড়ে সাতজনের বেশি মানুষ মারা গেছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। দুর্ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথমে কিছু মানুষ পড়ে গেলে বাকিরা তাদের ওপর দিয়ে হেঁটে যান। এরপর পুণ্যার্থীরা বের হওয়ার চেষ্টা করলে নতুন করে পদদলনের ঘটনা ঘটে।

রাভিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বহু মানুষকে পড়ে যেতে দেখেছি, তাদের ওপর দিয়ে ভিড়ের লোকজন চলে গেছে। নারী ও শিশুরা নিখোঁজ হয়েছেন। কেউ কেউ সাহায্যের জন্য চিৎকার করছিলেন।”

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, পদদলনের কারণে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে। হিন্দুস্থান টাইমস ১৫ জন নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা গেছে, স্ট্রেচারে করে মরদেহ সরিয়ে নেওয়া হচ্ছে, স্বজনরা মাটিতে বসে কান্না করছেন।

মহাকুম্ভ মেলায় মৌনী অমাবস্যা অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এবার ১৪৪ বছর পর ত্রিবেণী যোগ পড়ায় পুণ্যার্থীদের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। কুম্ভ মেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এবারের আয়োজনে প্রায় ১৫ কোটি মানুষ অংশ নিয়েছেন।
উদ্ধার কার্যক্রম ও সরকারি পদক্ষেপ

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, দুর্ঘটনার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করছেন। একটি অস্থায়ী হাসপাতালের বাইরে স্বজনরা তাদের হারানো পরিবারের সদস্যদের খোঁজ করছেন।

কুম্ভ মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভিড় সামলাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।