নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল সাড়ে ৯টার দিকে চুলকাঠি এলাকার ভট্ট বালিঘাটায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেলে করে তিনজন আরোহী খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কিন্তু খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাগেরহাট জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা বাকি দুজনকেও মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৩৫) এর পরিচয় পাওয়া গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলে উপস্থিত কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাফর আহমেদ বলেন, “মোংলা থেকে মোটরসাইকেলে তিনজন খুলনার দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।”
তিনি আরও জানান, আহত দুইজনকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।
বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ বলেন, “দুর্ঘটনার পর দুইজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছিল, কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।”
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক করা হয়।











