ঈদযাত্রা নির্বিঘ্নে মহাসড়কে ৬ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে ছয় দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিএমপি। একই সঙ্গে কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে যানজট নিয়ন্ত্রণেও নেওয়া হয়েছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা।

 

রোববার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ থেকে ২৭ মে এবং ২৯ থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে।

 

 

 

তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে পশুবাহী যানবাহন, নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন। ডিএমপি বলছে, ঈদের সময় আনুমানিক এক কোটির বেশি মানুষ ঢাকা ছাড়েন এবং প্রায় ৩০ লাখ মানুষ রাজধানীতে প্রবেশ করেন। এ কারণে সড়কে অতিরিক্ত চাপ সামাল দিতে আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রুট পারমিট ছাড়া কোনো বাস চলাচল করতে পারবে না। আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বাসগুলোকে সরাসরি গন্তব্যে যেতে হবে। পথে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করানো কিংবা অনুমোদিত কাউন্টার ছাড়া যাত্রী তোলা নিষিদ্ধ করা হয়েছে।

 

ঈদযাত্রার চাপ কমাতে ২৫, ২৬ ও ২৭ মে উত্তরার আব্দুল্লাহপুর থেকে কামারপাড়া হয়ে ধউর ব্রিজ পর্যন্ত সড়ক একমুখী করা হবে। এই সময়ে ওই পথে শুধু ঢাকা থেকে বের হওয়া যানবাহন চলাচল করতে পারবে। ঢাকায় প্রবেশকারী যানবাহনকে বিকল্প পথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।

 

একইভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পের এয়ারপোর্ট থেকে গাজীপুরমুখী লেনও নির্দিষ্ট সময়ে একমুখীভাবে পরিচালিত হবে। ঢাকামুখী যানবাহনকে অন্য লেন ব্যবহার করতে হবে বলে জানিয়েছে ডিএমপি।

 

যানজট এড়াতে বনানী থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, যাত্রাবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত মিরপুর রোড এবং ফুলবাড়িয়া থেকে বাবুবাজার ব্রিজ পর্যন্ত ঢাকা-কেরানীগঞ্জ সড়ক জরুরি প্রয়োজন ছাড়া ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে।

 

ডিএমপি আরও জানিয়েছে, ঢাকা মহানগরে প্রবেশ ও বের হওয়ার সড়কে কোনো ধরনের যানবাহন পার্কিং করা যাবে না। ফিটনেসবিহীন, যান্ত্রিক ত্রুটিযুক্ত ও কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

 

কোরবানির পশুর হাট ঘিরেও থাকছে কড়াকড়ি। হাটের নির্ধারিত সীমানার বাইরে পশু কেনাবেচা, লোড-আনলোড কিংবা সড়কে গাড়ি পার্কিং করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে ডিএমপি।