নিজস্ব প্রতিবেদক:
দেশের ছয়টি বিভাগের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ সাতটি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার বার্তায় বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় একই পরিস্থিতি তৈরি হতে পারে।
এই সময়ে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।
অব্যাহত থাকবে তাপপ্রবাহ
বর্ষণের এই পূর্বাভাসের মধ্যেই দেশের পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় গরমের দাপট চলছে। খুলনা, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও লক্ষ্ণীপুর জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও কিছু সময় বজায় থাকতে পারে। এর ফলে সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
নদীবন্দরে সতর্কতা জারি
এদিকে আজ দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়-বৃষ্টি হতে পারে। এই ঝোড়ো হাওয়ার কারণে এসব এলাকার নৌযান ও নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের বাকি অঞ্চলগুলোতে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাসের কারণে সেখানের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলতে বলা হয়েছে।











