নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে, যার ফলে ঢাকায় ভ্যাপসা গরমের অনুভূতি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকতে পারে। এই সময়ে যেকোনো মুহূর্তে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ শতাংশ, যা বেশ বেশি। এর আগে গতকাল বুধবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় মোট ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।











