অনলাইন ডেস্ক:
যুদ্ধবিরতি ও তিন মাস ধরে চলা সংঘাত বন্ধে দুপক্ষের দীর্ঘ আলোচনার মধ্যেই ইরানের কৌশলগত বন্দর নগরী বান্দার আব্বাসের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, তাদের বাহিনী এই অভিযানের পাশাপাশি হরমুজ প্রণালীর আশেপাশে হুমকি তৈরি করা চারটি ইরানি ড্রোনও ভূপাতিত করেছে। এর আগে গত মঙ্গলবারও দক্ষিণ ইরানে বিমান হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। ফলে গত তিন দিনের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইরানি ভূখণ্ডে মার্কিন হামলার ঘটনা ঘটল।
চলমান শান্তি আলোচনার মধ্যেই এই একের পর এক হামলার ঘটনা মধ্যপ্রাচ্য পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলেছে।
এদিকে গত বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান বর্তমানে ‘প্রায় নিঃশেষিত অবস্থায়’ আলোচনা চালাচ্ছে। একই সাথে তিনি পরিষ্কার জানিয়ে দেন, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া মার্কিন মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে তাঁর চলমান যুদ্ধ কৌশলে কোনো পরিবর্তন আসবে না।
‘হয়তো আমাদের ফিরে গিয়ে এটি (যুদ্ধ) শেষ করতে হবে, হয়তো করতে হবে না,’ বলেন ট্রাম্প।











