তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার কোটি টাকা, উদ্বেগ বাড়ছে ব্যাংক খাতে

নিজস্ব প্রতিবেদক:

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বোঝা আরও ভারী হয়েছে। চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতের মোট খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৩১ হাজার ৪৮৮ কোটি টাকা, যা ব্যাংক খাতের আর্থিক স্থিতিশীলতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

 

মঙ্গলবার (২ জুন) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৬ কোটি টাকা। সে সময় মোট বিতরণ করা ঋণের ৩০ দশমিক ৬০ শতাংশ ছিল খেলাপি।

 

তবে ২০২৬ সালের মার্চ শেষে সেই হার আরও বেড়ে ৩২ দশমিক ২৬ শতাংশে পৌঁছেছে। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। বর্তমানে দেশের ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি রয়েছে ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা।

 

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, খেলাপি ঋণের প্রবণতা এখনো ঊর্ধ্বমুখী। মাত্র এক প্রান্তিকে ৩১ হাজার কোটি টাকার বেশি নতুন ঋণ খেলাপি তালিকায় যুক্ত হওয়া ব্যাংক খাতের জন্য বড় চাপ হিসেবে দেখা হচ্ছে।

 

ব্যাংক খাত সংশ্লিষ্টদের মতে, খেলাপি ঋণের উচ্চ হার ব্যাংকের তারল্য, ঋণ বিতরণ সক্ষমতা এবং সামগ্রিক আর্থিক ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে নতুন বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

 

সাম্প্রতিক সময়ে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও সর্বশেষ পরিসংখ্যান দেখাচ্ছে, পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি এখনো হয়নি। বরং মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি হিসেবে চিহ্নিত, যা দেশের ব্যাংকিং খাতের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।