জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত খলিলুর রহমান

বিশেষ প্রতিনিধি :

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে তিনি সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকোরিসকে পরাজিত করে এক বছরের জন্য এ গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন। এ বিজয়কে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (২ জুন) রাতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সাধারণ পরিষদ কক্ষে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটাভুটিতে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট।

জাতিসংঘের পাঁচটি আঞ্চলিক গ্রুপের মধ্যে ঘূর্ণন পদ্ধতিতে প্রতিবছর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচন করা হয়। এ বছর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য সভাপতির পদ নির্ধারিত ছিল। শুরুতে বাংলাদেশ, সাইপ্রাস ও ফিলিস্তিনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা থাকলেও নির্বাচনের আগে ফিলিস্তিন প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ফলে চূড়ান্ত লড়াই হয় বাংলাদেশ ও সাইপ্রাসের মধ্যে।

এই নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্বে বসতে যাচ্ছে বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিক হুমায়ুন রশিদ চৌধুরী।

এর আগে গত ১৩ মে জাতিসংঘ সদর দপ্তরে সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে আনুষ্ঠানিক মতবিনিময় অনুষ্ঠানে খলিলুর রহমান সাধারণ পরিষদের ‘পূর্ণকালীন সভাপতি’ হিসেবে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। লিখিত বক্তব্যে তিনি নির্বাচিত হলে নিজেকে ‘সবার সভাপতি’ হিসেবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অ্যান্ডোরার প্রতিনিধি জানতে চান, সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে হলে তাঁকে পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়তে হবে কি না। জবাবে খলিলুর রহমান বলেন, তিনি পদত্যাগ করবেন না। বরং প্রধানমন্ত্রী তাঁকে এ দায়িত্ব পালনের জন্য এক বছরের অবকাশ দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, পদত্যাগই একমাত্র পথ নয়; প্রয়োজন হলে তিনি ছুটিতে থেকেও দায়িত্ব পালন করতে পারবেন।