অনলাইন ডেস্ক:
সিডনি সুইনির প্রেমজীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। একদিকে দীর্ঘদিনের গুঞ্জন, অন্যদিকে রহস্যময় নীরবতা,সবকিছুর মাঝেই এবার নিউইয়র্কের ব্যস্ত টাইমস স্কয়ারে একসঙ্গে দেখা গেল অভিনেত্রী সিডনি সুইনি ও সংগীত প্রযোজক স্কুটার ব্রাউনকে। ঝলমলে আলো আর হাজারো মানুষের ভিড়ের মাঝেও তাদের উপস্থিতি যেন নতুন করে উসকে দিল সম্পর্কের গুঞ্জন। একসঙ্গে কাটানো সেই মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের প্রশ্ন-তবে কি বন্ধুত্বের সীমা পেরিয়ে আরও গভীর হচ্ছে এই সম্পর্ক? সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজেদের এই মুহূর্ত প্রকাশ করেন ব্রাউন নিজেই। বোঝা গেল, সঙ্গীর আবদার ধরে রাখতে মাঝরাতে টাইমস স্কয়ারে ঘুরতে যাওয়া তার। একটি ভিডিও প্রকাশ করে রসিকতা করে লেখেন, ‘ধরুন আপনি এখন রাতে বিছানায় আছেন, আর আপনার সঙ্গী বললো- আমি টাইমস স্কয়ারে যাইনি।’ ভিডিওতে দেখা যায়, সিডনি সুইনির পরনে ছিল নীল রঙের বড়সড় হুডি, হালকা নীল জিন্স ও সানগ্লাস। অন্যদিকে স্কুটার ব্রাউনকে দেখা যায় কালো ক্যাপ ও ধূসর হুডিতে। ভিডিওজুড়ে নিউইয়র্ক শহরের নানা মুহূর্ত ধরা পড়েছে। দুজনকে সাইকেল চালাতে, চিজবার্গার খেতে এবং টাইমস স্কয়ারে বাজতে থাকা জে-জি ও অ্যালিশিয়া কিজের জনপ্রিয় গান ‘এম্পায়ার স্টেট অব মাইন্ড’-এর সঙ্গে গলা মেলাতে দেখা যায়। এছাড়া একটি ইন্টারঅ্যাকটিভ বিলবোর্ডে আমেরিকান ঈগলের নতুন প্রচারণা ‘সিড ফর শর্ট’-এ নিজের উপস্থিতি দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সুইনি। এদিকে সম্প্রতি প্রচারিত ‘ইউফোরিয়া’র নতুন কিস্তিতে ক্যাসি চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন সিডনি সুইনি। সিরিজটির কয়েকটি দৃশ্য নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হলেও সমালোচনার জবাবে তিনি পর্দার পেছনের কিছু ছবি প্রকাশ করে লেখেন, ‘এর নামই অভিনয়।’ মার্কিন গণমাধ্যম পেজ সিক্সের এক প্রতিবেদনে বলা হয়, সুইনির অভিনীত বিতর্কিত দৃশ্যগুলো নিয়ে স্কুটার ব্রাউনের কোনো আপত্তি নেই। একটি সূত্রের দাবি, তিনি বিষয়টিকে অভিনেত্রীর পেশাগত দায়িত্বের অংশ হিসেবেই দেখেন এবং তার কাজের প্রতি নিষ্ঠাকে সম্মান করেন। সূত্রটি আরও জানায়, তাদের সম্পর্ক যথেষ্ট দৃঢ়। স্কুটার ব্রাউন সুইনির পেশাগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করেন না; বরং তার সাফল্যে গর্ববোধ করেন এবং ক্যারিয়ারের প্রতিটি পদক্ষেপে সমর্থন দিয়ে থাকেন।











