অনলাইন ডেস্ক:
ওয়াশিংটনের রোন্যাল্ড রিগ্যান বিমানবন্দরের কাছে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সংঘর্ষের পর মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৯ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।
একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত সামরিক হেলিকপ্টারটিতে তিনজন সেনা ছিলেন। তবে তাদের পদমর্যাদা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি, যদিও হেলিকপ্টারে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন না বলে ধারণা করা হচ্ছে।
আরেক কর্মকর্তার তথ্য অনুযায়ী, ইউএইচ-৬০ মডেলের এই সামরিক হেলিকপ্টারটি ভার্জিনিয়ার ফোর্ট বেলভয়র ঘাঁটি থেকে পরিচালিত হতো। জয়েন্ট টাস্কফোর্স ন্যাশনাল ক্যাপিটল রিজনের মুখপাত্র হিদার চেইরেজ জানিয়েছেন, এটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছিল।
অন্যদিকে, আমেরিকান এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার শিকার তাদের উড়োজাহাজটিতে মোট ৬৪ জন আরোহী ছিলেন, যার মধ্যে ৬০ জন ছিলেন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য। তবে সংঘর্ষের ফলে হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।











