গজারিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ২০

জেলা প্রতিনিধি :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি যাত্রীবাহী বাস ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়, এতে সুমন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও ১৫-২০ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে গজারিয়ার পাখির মোড় পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাসিন্দা।

বাসযাত্রীদের তথ্য অনুযায়ী, কুমিল্লা থেকে ছেড়ে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে সুমন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের ঢাকায় পাঠানো হয়েছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, দুর্ঘটনাস্থলে দুটি ইউনিট উদ্ধারকাজে নিয়োজিত ছিল এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আশরাফুল আলম শুভ জানান, আহত ১২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে, তাদের মধ্যে ৮ জনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভবেরচর হাইওয়ে থানার ওসি হারুনর রশীদ জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং চালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে এবং তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।