নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নতুন প্রতিবেদন অনুযায়ী, দেশে ১৯.২ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। শহরাঞ্চলে দারিদ্র্যের হার ১৬.৫ শতাংশ হলেও, গ্রামাঞ্চলে এই হার আরও বেশি—২০ শতাংশেরও ওপরে। বৃহস্পতিবার ‘বাংলাদেশের দারিদ্র্য মানচিত্র ২০২২’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
প্রতিবেদন অনুসারে, বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ২৬.৬ শতাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে জীবনযাপন করছে, অন্যদিকে চট্টগ্রাম বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে কম—১৫.২ শতাংশ। ঢাকায় দারিদ্র্যের হার ১.৮ শতাংশ বেড়ে ১৯.৬ শতাংশে দাঁড়িয়েছে, তবে রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগে দারিদ্র্যের হার কমেছে।
বিশেষভাবে, মাদারীপুরের ডাসার উপজেলায় সবচেয়ে বেশি ৬৩.২ শতাংশ দরিদ্র মানুষ বসবাস করছে। আগের বছর ‘খানা আয় ও ব্যয় জরিপ ২০২২’ অনুযায়ী, দারিদ্র্যের হার ছিল ১৮.৭ শতাংশ।
বিবিএস’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।











