অনলাইন ডেস্ক:
ভালোবাসার টানে মানুষ কত দূর যায়? আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যা তার ভালোবাসার জন্য দুর্গম এক যাত্রা শুরু করে। কিন্তু এর শেষ কোথায়? উত্তর মিলবে আগামী ২১ জুন। এদিন চরকিতে মুক্তি পাবে ওয়েব ছবি ‘লাইফলাইন’। কাজী আসাদের এ ছবির প্রধান চরিত্রে আছেন মিম। তার চরিত্রের সফর ঘিরেই এগোবে গল্প। ‘আধুনিক বাংলা হোটেল’ সিরিজ বানিয়ে প্রশংসা পেয়েছেন কাজী আসাদ। নতুন ছবিটি নিয়ে তিনি বলেন, ‘ড্রামা আমার খুব পছন্দের জনরা। সেই জায়গা থেকে ড্রামা বা সোশ্যাল ড্রামা নিয়ে কাজ করলাম। গল্পের আইডিয়াটা শোনার পরই মনে হয়েছিল, এটা সিনেমার গল্প হতে পারে। সোশ্যাল ড্রামা ঘরানার এই গল্পটার মধ্যে সোশ্যাল আওয়ারনেসও আছে, ইমোশন আছে।’ গতকাল বুধবার বিকালে প্রকাশিত হয়েছে ‘লাইফলাইন’-এর ট্রেলার। তাতে দেখা যাচ্ছে বিদ্যা সিনহা মিম কাউকে খুঁজছেন। তার এই যাত্রায় সহযোগী রিজওয়ান পারভেজ। যিনি কঠিন রাস্তায় বাইকে করে মিমকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। দুজন মিলে ঝগড়াও করছেন। অভিনেতা রিজওয়ান পারভেজ জানান, ‘লাইফলাইন’ দায়িত্ববোধের গল্প, ভালোবাসার গল্প, অনুভূতির গল্প। ভালোবাসার অনেক রূপ থাকে, এখানে একটা রূপ দেখানো হয়েছে। তিনি মনে করেন ফিল্মটি দর্শকদের নতুন বোধের জন্ম দেবে। মিমের ভাষ্য এরকম, ‘একে তো মাটির উঁচু-নিচু রাস্তা, তার ওপর প্রচণ্ড গরম। একটা দুটো দৃশ্য করেই সবার অবস্থা খারাপ হয়ে যেত। তবে আমাদের অভিনয়শিল্পীদের মধ্যে কী যেন একটা আছে। দেখা গেল, অল্প একটু কাজ করে সবাই কাহিল, কিন্তু যখন দেখেছি দৃশ্যটা ভালো হয়েছে, তখন আবার পুরোদমে আবার কাজ শুরু করেছি।’ ছবিটিতে মিম ও রিজওয়ানের সঙ্গে আরো অভিনয় করেছেন গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা প্রমুখ। ছবিতির গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু ও কাজী আসাদ। নির্মাতার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদুজ্জামান আবীর।











