বাংলাদেশে সেনা অভ্যুত্থানের গুজব ভিত্তিহীন প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে সেনা অভ্যুত্থানের আশঙ্কা নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেকিং বিভাগ—সিএ প্রেস উইং ফ্যাক্টস।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে সিএ প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় গণমাধ্যমগুলো পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা হাইব্রিড যুদ্ধের অংশ। শেখ হাসিনার সরকারকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়ে তার পতন আসন্ন বলে যে প্রচার চালানো হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এতে আরও বলা হয়, “অপতথ্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা এবং বন্ধুপ্রতিম দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করাই এই প্রচারের মূল উদ্দেশ্য। এই ধরনের সংবাদ কোনো সত্যতাভিত্তিক তথ্য বা উপযুক্ত প্রমাণ ছাড়াই তৈরি করা হয় এবং তা দ্রুত ছড়িয়ে দেওয়া হয়, যাতে মানুষ বিভ্রান্ত হয়।”

প্রেস উইং আনন্দবাজার অনলাইনকে সতর্ক করে দিয়ে বলেছে, “আপনারা প্রকৃত সাংবাদিকতার নীতিতে থাকবেন, নাকি উদ্দেশ্যমূলক গুজব ছড়িয়ে বন্ধুসুলভ দেশের মর্যাদা ক্ষুণ্ন করবেন—সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে।”