ইউক্রেনের হামলায় দখলকৃত রাশিয়ান গ্রামে হতাহত

অনলাইন ডেস্ক:

ইউক্রেনীয় সেনারা রাশিয়ার দখলকৃত কুরস্ক অঞ্চলের একটি গ্রামে হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করেছে, দাবি করেছে রাশিয়া। নিহতদের মধ্যে আটজন নারী রয়েছেন, যাদের ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে বলে রাশিয়ার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। গতকাল শুক্রবার মস্কো এ বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে, যা বার্তা সংস্থা এএফপি সূত্রে জানা যায়।

রাশিয়ার তদন্ত কমিটি জানায়, গত ১৯ জানুয়ারি তারা রুস্কয়ে পোরেচনোয়ে নামক গ্রামে “কমপক্ষে সাত বেসামরিক নাগরিক হত্যার” তদন্ত শুরু করেছিল। তবে, গতকাল তারা জানায়, এই গ্রামে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে মোট ২২ জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মরদেহ বেশ কয়েকটি বাড়ির বেসমেন্ট থেকে উদ্ধার করা হয়েছে।

রাশিয়ার দাবি, নিহতদের মধ্যে আটজন নারী ছিলেন, যাদের ধর্ষণ করা হয়েছিল এবং তারপর হত্যা করা হয়। তবে, এএফপি এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইউক্রেনের পক্ষ থেকেও এই অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

রাশিয়ার তদন্ত কমিটি এই হত্যাকা-ের জন্য পাঁচজন ইউক্রেনীয় সেনাকে দায়ী করেছে। তদন্তের সময় তারা একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে ইভজেনি ফাব্রিসেনকো নামে এক ইউক্রেনীয় সেনা স্বীকারোক্তি দিচ্ছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, “প্রথমে লোকজনকে নির্যাতন ও লাঞ্ছিত করা হয়, তারপর গুলি বা বিস্ফোরণের মাধ্যমে হত্যা করা হয়।”

এদিকে, রাশিয়া ও ইউক্রেন পরস্পরকে যুদ্ধ শুরুর পর থেকে বারবার বেসামরিক নাগরিক হত্যার অভিযোগে অভিযুক্ত করেছে। এর আগে, রাশিয়ার সেনাদের বিরুদ্ধে কিয়েভের কাছে বুচা শহরে শত শত বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ উঠেছিল। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, নিহতদের মধ্যে অনেকের হাত বাঁধা ছিল এবং গুলি করে হত্যা করা হয়েছিল। তবে, মস্কো এসব অভিযোগ অস্বীকার করে এবং দাবি করে যে, ইউক্রেন এসব ভিডিও সাজিয়ে তৈরি করেছে। বিভিন্ন স্বাধীন গণমাধ্যম ও ফ্যাক্ট-চেকিং সংস্থা এই দাবিকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে।